ভারতের সামরিক ঘাঁটি, সীমান্ত এলাকা, বিমানঘাঁটি ও কৌশলগত স্থাপনার ওপর সার্বক্ষণিক নজরদারি চালাতে মহাকাশে যৌথ নেটওয়ার্ক গড়ে তুলছে চীন ও পাকিস্তান। দুই দেশের স্যাটেলাইটগুলো এমনভাবে কাজ করছে, যাতে একটি উপগ্রহের নজরদারির আওতা শেষ হওয়ার আগেই অন্যটি সেই এলাকায় নজরদারির দায়িত্ব নিতে পারে। ফলে ভারতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর প্রায় অবিচ্ছিন্ন নজর রাখার সক্ষমতা তৈরি হচ্ছে।
বেঙ্গালুরুভিত্তিক মহাকাশ নজরদারি প্রতিষ্ঠান দিগন্তরার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে দিগন্তরার এই গবেষণার তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ভারত-পাকিস্তান সংঘাতের সময় দুই দেশের মহাকাশভিত্তিক সহযোগিতা আরও স্পষ্ট হয়ে ওঠে। বিশেষ করে ‘অপারেশন সিঁদুর’ চলাকালে ভারতের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ওপর নজর রাখতে চীনা স্যাটেলাইটের তথ্য ব্যবহার করা হয়ে থাকতে পারে।
প্রতিবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো, ভারত-পাকিস্তানের ৮৮ ঘণ্টার সামরিক সংঘাতের সময় চীনের উচ্চক্ষমতাসম্পন্ন অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট ইয়াওগান-৪১ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াওগান-৪১ এমন একটি দ্বৈত ব্যবহারযোগ্য স্যাটেলাইট, যা ভারতীয় উপমহাদেশের ওপর নিয়মিত নজরদারি চালাতে সক্ষম। অপারেশন সিঁদুরের সময় ভারতের বিমানঘাঁটিগুলোর ওপর নজরদারিতে এটি ব্যবহৃত হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
দিগন্তরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পাকিস্তান মোট ছয়টি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে। এর মধ্যে পাঁচটি স্যাটেলাইট চীনা রকেটে এবং চীনের উৎক্ষেপণকেন্দ্র থেকে মহাকাশে পাঠানো হয়েছে।
এই পাঁচটি স্যাটেলাইট হলো—
– পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট-আর্থ অবজারভেশন-১
– পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট-২ – এইচএস-১
– পিআরএসসি-ইও২
-পিআরএসসি-ইও৩
প্রতিবেদন অনুযায়ী, এসব স্যাটেলাইটের আলাদা আলাদা নজরদারি সক্ষমতা থাকলেও সেগুলো চীনের বিদ্যমান মহাকাশ নেটওয়ার্কের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারে।
Leave a Reply