স্টাফ রিপোর্টারঃ শোয়েব মাহমুদ, টাঙ্গাইলের মির্জাপুর থানাধীন তরফপুর ইউনিয়নে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে তৃতীয়বারের মতো ‘মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৭ নভেম্বর) তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্যোগে পাথরঘাটা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত পরীক্ষায় ইউনিয়নের ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২৪টি প্রতিষ্ঠানের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেওয়ার জন্য নিবন্ধন করে। অনলাইনে নিবন্ধিত ২৯৪ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ২৫৩ জন।
শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা অন্বেষণ, মেধা ও মননশীলতার বিকাশ এবং যোগ্যতার পরিপূর্ণতা অর্জনের উদ্দেশ্যে গত তিন বছর ধরে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে সংগঠনটি।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (বিসিএস) আব্দুর রশীদ। পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, এত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষার আয়োজন করা হয়েছে, যা প্রশংসার দাবিদার। জাতীয় পর্যায়ের অনেক পরীক্ষার আয়োজনও এত সুন্দর হয় কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তিনি তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটি সারা দেশে একটি উল্লেখযোগ্য উদ্যোগী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ ছাড়াও কেন্দ্র পরিদর্শন করেন খলিলুর রহমান ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক ও বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা ফারুক আহমেদ এবং মাহবুব আহমেদ।
বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক ও ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় পরীক্ষা পরিচালনার দায়িত্ব পালন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাসানুল হক, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম সাগর, শিক্ষা সম্পাদক ফিরোজ আল মামুন, ছাত্রকল্যাণ সম্পাদক রাসেল আল মামুন, পাঠাগার সম্পাদক জাহিদ হাসান, অঞ্চল পরিচালক জাহিদুল ইসলাম শুভ ও প্রকৌশলী মোহাম্মদ মামুন, সংগঠনের নিয়মিত সদস্য রুবেল হোসেন, মিজানুর রহমান, জিসান, শাহেদ, শিপলু, সিকদার মাহবুব, প্রকৌশলী সাইদুর, আব্দুল্লাহ, মাহিম, নাফিজ, আরাফাত, সাইম সিকদার, শিহাবসহ অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা সার্বিক সহযোগিতা করেন।
পরীক্ষার হল পরিদর্শকের দায়িত্ব পালন করেন দারুল মুত্ত্বাকীন ফাউন্ডেশন ও দারুল মুত্ত্বাকীন যুব সংঘের সদস্যরা।
এদিকে, তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ রুবেল অস্ট্রেলিয়া থেকে অনলাইনে পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি তিনি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরীক্ষা চলাকালে আগত অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে একটি ‘অভিভাবক মতবিনিময়’ সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সভাটি পরিচালনা করেন। এতে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, মেধা বিকাশ এবং শিক্ষাক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, ২০২২ সালে যাত্রা শুরু করা তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগার ইতোমধ্যে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে সাড়া ফেলেছে। নৈতিকতা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নতুন প্রজন্মের মেধা ও মননের সার্বিক বিকাশে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
Leave a Reply