মোহাম্মদ আসিফ,চট্টগ্রাম: শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি প্রণয় দাশের পড়াশোনার আগ্রহ। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতায় অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর শিক্ষাজীবন। অন্যদিকে হৃদ্যন্ত্রের ভালভ প্রতিস্থাপনের ব্যয় জোগাতে পারছেন না পটিয়ার মো. সেলিম। আর স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে প্রায় নিঃস্ব বাঁশখালীর মাহমুদুল ইসলাম।
জীবনের এমন কঠিন সময়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। গণশুনানিতে অসহায় মানুষগুলোর দুর্দশার কথা শুনে তাঁদের চিকিৎসা ও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে আর্থিক সহায়তা প্রদান করেছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে অসুস্থ ও অসহায় সাতজনকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রণয় দাশ শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। ২০২৩ সালে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে বইপত্র, শিক্ষা উপকরণ ও যাতায়াতের ব্যয় বহন করা তাঁর পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। তাঁর শিক্ষাজীবন অব্যাহত রাখতে আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ান জেলা প্রশাসক।
বাঁশখালীর সরল ইউনিয়নের বাসিন্দা মাহমুদুল ইসলামের স্ত্রী শারমিন আক্তারের গত বছর বাঁ পাশের হিপ জয়েন্ট প্রতিস্থাপন করা হয়। সম্প্রতি ডান পাশেও একই সমস্যা দেখা দেওয়ায় চিকিৎসকেরা আবারও অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়া মাহমুদুলের আবেদনে সাড়া দিয়ে তাঁকেও আর্থিক সহায়তা দেওয়া হয়।
পটিয়ার ৪২ বছর বয়সী মো. সেলিম হৃদ্রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একসময় সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাতেন তিনি। কিন্তু প্রায় ছয় মাস ধরে অসুস্থ থাকায় পরিবারের দৈনন্দিন ব্যয় মেটানোও কঠিন হয়ে পড়েছে। চিকিৎসকেরা তাঁর হৃদ্যন্ত্রের ভালভ প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। তাঁর চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক।
হাটহাজারীর রহিমপুর গ্রামের ৭০ বছর বয়সী মোহাম্মদ ইসা চৌধুরী একসময় বাসে কাজ করতেন। ঘাড়ে টিউমার ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে এখন উপার্জনের সক্ষমতা হারিয়েছেন তিনি। চিকিৎসার ব্যয় তো দূরের কথা, পরিবারের সদস্যদের জন্য দুবেলা খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। তাঁর দুর্দশার কথা শুনে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক।
চন্দনাইশের নাছিমা আক্তার স্বামীর মৃত্যুর পর দুই সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এর মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর তিনটি অস্ত্রোপচার প্রয়োজন। নিজের বাড়ি না থাকায় অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। অর্থাভাবে প্রয়োজনীয় ওষুধও কিনতে পারছেন না। এই অসহায় নারীর চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ ছাড়া মূত্রনালির সংক্রমণে আক্রান্ত চট্টগ্রাম নগরের দয়াল হরি জলদাশের চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিনের গণশুনানিতে সরাসরি আটজন সেবাপ্রত্যাশী এবং অনলাইনে একজন প্রবাসী অংশ নেন। জমি নিয়ে বিরোধ, সম্পত্তি জবরদখলসহ বিভিন্ন বিষয়ে তাঁরা জেলা প্রশাসকের কাছে অভিযোগ তুলে ধরেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাঁদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় নির্দেশনা দেন। কয়েকটি আবেদন ও অভিযোগ নিষ্পত্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতিও সংশ্লিষ্ট সেবাপ্রত্যাশীদের জানানো হয়।
গণশুনানির মাধ্যমে চিকিৎসার ব্যয় বহনে অক্ষম রোগী, অর্থাভাবে শিক্ষাজীবন নিয়ে শঙ্কায় থাকা শিক্ষার্থী এবং সম্পত্তি নিয়ে বিরোধে জর্জরিত নাগরিকদের কথা সরাসরি শুনছেন জেলা প্রশাসক। প্রশাসনিক উদ্যোগে সমস্যা সমাধানের পাশাপাশি অসহায় মানুষের দুঃসময়ে আর্থিক সহায়তা দিয়ে তাঁদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ স্থানীয়ভাবে মানবিক সহায়তার একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।
Leave a Reply