সিনিয়র রিপোর্টার: মো. সজিব তালুকদার
দীর্ঘ সাড়ে তিন মাস পর অবশেষে নতুন অফিসার ইনচার্জ (ওসি) পেল ঢাকা জেলার গুরুত্বপূর্ণ দক্ষিণ কেরানীগঞ্জ থানা। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকা জেলা পুলিশের নির্দেশে পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) ফখরুল ইসলামকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়। শনিবার (১৪ নভেম্বর) তাঁর দায়িত্ব গ্রহণের বিষয়টি থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, গত ২৮ জুলাই তৎকালীন অফিসার ইনচার্জ সাইফুল আলমকে সাভার থানায় বদলি করা হয়। এরপর থেকে দীর্ঘদিন থানার ওসি পদটি শূন্য থাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে থানার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। অবশেষে নতুন ওসি নিয়োগের মধ্য দিয়ে থানার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা তৈরি হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত ওসি ফখরুল ইসলাম জানান, দক্ষিণ কেরানীগঞ্জের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালন করা তাঁর জন্য একটি বড় চ্যালেঞ্জ। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এ ক্ষেত্রে তিনি স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নতুন ওসি যোগদান করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আশাবাদ তৈরি হয়েছে। তাঁদের প্রত্যাশা, নবনিযুক্ত ওসির নেতৃত্বে থানার পুলিশি কার্যক্রম আরও গতিশীল হবে। বিশেষ করে মাদক, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশ আরও কার্যকর ভূমিকা রাখবে।
পাশাপাশি সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই থানায় গিয়ে আইনগত সহায়তা ও প্রয়োজনীয় সেবা পেতে পারেন, সে বিষয়েও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নতুন ওসির দক্ষ নেতৃত্ব, পুলিশের দায়িত্বশীল ভূমিকা এবং এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় দক্ষিণ কেরানীগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। একই সঙ্গে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
Leave a Reply