স্টাফ রিপোর্টার মোঃ রুবেল আকন
শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়ে এবং বর্তমান সরকারের ১০ মাসে শ্রমিকদের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির (এনজিডব্লিউইউ) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবি হচ্ছে আবাসনের জন্য শ্রমিক কলোনি নির্মাণ, ন্যায্যমূল্যে খাদ্য সরবরাহে রেশনিং ব্যবস্থা চালু, সম্মানজনক জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা এবং শ্রমিকদের সুচিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণ। এ ছাড়া শিল্পাঞ্চলে খেলার মাঠ তৈরি, বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালু এবং রুগ্ন কারখানাগুলো সচল রাখতে সরকারি প্রণোদনা দেওয়ার দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, অতীতে বিভিন্ন সরকারের কাছে এসব দাবি জানানো হলেও শ্রমিকদের মৌলিক প্রত্যাশাগুলো পূরণ হয়নি। তবে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের ১০ মাসের মধ্যে শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর কার্যক্রম এবং দেশের ছয়টি শিল্পাঞ্চলে ছয়টি হাসপাতাল নির্মাণের প্রকল্প অনুমোদনের বিষয়টি উল্লেখযোগ্য। নতুন ন্যূনতম মজুরি ঘোষণাকেও শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হিসেবে স্বাগত জানান তাঁরা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন হোসেন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মো. গফুর মিয়া, সাবেক চেয়ারম্যান ও আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং দেওয়ান মইনুদ্দিন বিপ্লব, সাবেক উপজেলা চেয়ারম্যান।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে এবং মো. মাসুদ রানা সুলতানের সঞ্চালনায় সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।
সভা থেকে শ্রমিক কলোনি নির্মাণ, শিল্পাঞ্চলে খেলার মাঠ তৈরি এবং বন্ধ ও রুগ্ন কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
Leave a Reply