মোহাম্মদ বিল্লাল হোসেন, চট্টগ্রাম ব্যুরো:
তুরস্কে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ড্রোন প্রযুক্তি প্রতিযোগিতা ‘টেকনোফেস্ট তুর্কিয়ে ২০২৭’-এ অংশ নিতে যাওয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গবেষণা দল ‘টিম স্টারাপ্টর’-এর পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। দলটির গবেষণা ও প্রস্তুতির জন্য এক লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, আমাদের মেধার কোনো সীমা নেই। প্রযুক্তিতে আমরা যতটুকু পিছিয়ে আছি, তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি ও দক্ষতা সেই ঘাটতি পূরণ করবে। মেধাবী তরুণেরাই বাংলাদেশকে প্রযুক্তিবিশ্বে সুদৃঢ় অবস্থানে নিয়ে যাবে।
আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে তুরস্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতা ‘টেকনোফেস্ট তুর্কিয়ে ২০২৭’-এ অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে চুয়েটের দলটি। প্রতিযোগিতার জন্য থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (ভিটল) ড্রোন তৈরির কাজ করছেন তাঁরা।
‘মেধার বিকাশ ও প্রযুক্তির অগ্রযাত্রায় জেলা প্রশাসন চট্টগ্রাম’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্যোগের প্রশংসা করে বলেন, চুয়েটের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আমরা গর্বিত। তাঁরা এমন একটি প্রযুক্তি নিয়ে কাজ করছেন, যা বাংলাদেশের পাশাপাশি বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাঁরা ভালো করবেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে আশা করি।
ড্রোন প্রযুক্তির বহুমুখী সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ড্রোনের ব্যবহার বাড়ছে। তবে সামরিক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডেও এর ব্যবহার হচ্ছে। তাই প্রযুক্তির ইতিবাচক ও মানবকল্যাণমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ‘প্রযুক্তি একটি উপকারী সেবক, কিন্তু বিপজ্জনক প্রভু। আমরা যদি প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে না পারি, তাহলে প্রযুক্তিই আমাদের নিয়ন্ত্রণ করবে।’
শিক্ষার্থীদের ভবিষ্যৎ গবেষণা ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে আরও সহযোগিতার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বলেন, ড্রোনটির সক্ষমতা প্রমাণিত হলে সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি তুলে ধরা হবে। প্রয়োজনীয় সহযোগিতার জন্য যোগাযোগ ও সুপারিশ করা হবে। পাশাপাশি তুরস্কে অবস্থানকালে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সহায়তা পাওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে টিম স্টারাপ্টরের দলনেতা রাশিদ আবরার আজমাইন জানান, চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২২ ও ২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা ড্রোনটি তৈরির কাজ করছেন। তাঁদের উদ্ভাবিত ‘দ্য স্টারাপ্টর’ দেশের প্রথম সম্পূর্ণ থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিনির্ভর কোয়াডপ্লেন ভিটল ড্রোন বলে দাবি করেন তিনি।
ড্রোনটি হেলিকপ্টারের মতো খাড়াভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারবে। পাশাপাশি আকাশে ওঠার পর সাধারণ উড়োজাহাজের মতো সামনের দিকে উড়তে সক্ষম হবে। এর পাখার বিস্তার ১ হাজার ৩৪০ মিলিমিটার এবং দৈর্ঘ্য ৯৯০ মিলিমিটার। কার্বন ফাইবার ও বিশেষায়িত থ্রিডি প্রিন্টিং উপকরণ দিয়ে এটি তৈরি করা হচ্ছে। ড্রোনটির পরিকল্পিত সর্বোচ্চ মালামাল বহনক্ষমতা ১৫ কেজি এবং ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিতে উড়তে পারবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এতে পিক্সহক ৬সি ফ্লাইট কন্ট্রোলার, রাস্পবেরি পাই কম্পিউটার, জিপিএস ও টেলিমেট্রি ব্যবস্থা ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এসব প্রযুক্তির সমন্বয়ে ড্রোনটি সফটওয়্যারের নির্দেশনা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত গন্তব্যে পৌঁছে মালামাল সরবরাহ করে ফিরে আসতে পারবে বলে জানান তাঁরা।
দলনেতা রাশিদ আবরার আজমাইন বলেন, তাঁদের লক্ষ্য এমন একটি ড্রোন তৈরি করা, যা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত মিশন সম্পন্ন করতে পারবে। ভবিষ্যতে কৃষি, চিকিৎসা, দুর্যোগ ব্যবস্থাপনা ও পণ্য সরবরাহে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শিক্ষার্থীরা জানান, দেশীয় প্রযুক্তিতে তুলনামূলক কম খরচে ড্রোনটি উৎপাদন করা সম্ভব হলে দুর্গম এলাকায় জরুরি চিকিৎসাসামগ্রী পৌঁছানো, বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সরবরাহ, কৃষিকাজ এবং শহরাঞ্চলে দ্রুত পণ্য পরিবহনে এটি ব্যবহার করা যাবে।
ভবিষ্যতে স্থল, আকাশ ও পানিতে চলতে সক্ষম ‘ট্রাই-মোড মোবিলিটি ড্রোন’ তৈরির পরিকল্পনাও রয়েছে দলটির। পাশাপাশি চুয়েটে একটি স্থায়ী মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) গবেষণা সেল প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েও কাজ করছেন তাঁরা।
জেলা প্রশাসনের আর্থিক সহায়তা ও সহযোগিতার আশ্বাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন দলনেতা রাশিদ আবরার আজমাইন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টিম স্টারাপ্টরের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply