1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 18, 2026, 2:27 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কর্ণফুলীতে নুরুল আবছার হত্যা: গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার, দুই পলাতক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ৩৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ৩৯ বোতল মদ জব্দ পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার বিকল্প নেই: প্রশাসক ডা. শাহাদাত সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ, অল্পের জন্য রক্ষা পেলেন ১১ কর্মকর্তা-কর্মচারী এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’ এত কম স্বর্ণের দাম এক বছরেও দেখা যায়নি একনেক সভা আজ, উঠছে ২১ প্রকল্প চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযান: মিয়ানমারে পাচারকালে ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ, আটক ১ মানবিকতা না থাকলে ডিগ্রির মূল্য কী: ডিসি জাহিদ চট্টগ্রামে জেলেপল্লীতে ভয়াবহ আগুন, পুড়ল শতাধিক ঘর ও কোটি টাকার মাছ ধরার সরঞ্জাম

পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার বিকল্প নেই: প্রশাসক ডা. শাহাদাত

  • সময়: Wednesday, November 18, 2026
  • 9 View

মোহাম্মদ বিল্লাল হোসেন, চট্টগ্রাম ব্যুরো : সুস্থ ও নিরাপদ জীবনযাপনের জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে সংক্রামক রোগের বিস্তার রোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশনের উদ্যোগের সঙ্গে নগরবাসীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

বুধবার (১৮ নভেম্বর) নগরীর হাতেখড়ি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পপুলেশন (WSUP) এবং হাতেখড়ি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে প্রায় ৬০০ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন। এবারের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’।

প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, করোনাকালে আমরা নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করেছি। কিন্তু সময়ের সঙ্গে অনেকেই সেই অভ্যাস থেকে দূরে সরে গেছি। অথচ হাতের মাধ্যমে বিভিন্ন জীবাণু শরীরে প্রবেশ করে সংক্রামক রোগ সৃষ্টি করতে পারে। তাই খাবার গ্রহণের আগে ও পরে এবং টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যবিধি মেনে চলার শিক্ষা দিতে হবে, যাতে তারা সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, পবিত্রতা ও পরিচ্ছন্নতা আমাদের ধর্মীয় ও সামাজিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। শুধু ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করলেই হবে না, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক ও আশপাশের পরিবেশও পরিচ্ছন্ন রাখতে হবে। নগরীর যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং ফুটপাত দখল করে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারে, কিন্তু উচ্ছেদের পর পরিবেশ ও নাগরিক অধিকার রক্ষায় নগরবাসীর সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রশাসক বলেন, তোমরা নিজেরা পরিচ্ছন্ন থাকবে এবং পরিবার-পরিজন ও প্রতিবেশীদেরও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করবে। কোথাও ফুটপাত দখল করে মানুষের চলাচলে বাধা সৃষ্টি করতে দেখলে প্রতিবাদ করবে। একটি সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তোলা শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব।

চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, নগরীকে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। সড়ক উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও সাইকেল ট্র্যাক নির্মাণসহ নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তবে পরিকল্পিত ও আধুনিক নগর গড়ে তুলতে নগরীর সব সেবা প্রদানকারী সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। এ জন্য নগর সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয়টিও তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তন ও কার্বন নিঃসরণ বর্তমানে নগরজীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় নগরজুড়ে বৃক্ষরোপণ ও সবুজায়ন বাড়াতে হবে। শিক্ষার্থীদের সম্পৃক্ত করে প্রত্যেকের নামে একটি করে গাছ রোপণ ও পরিচর্যার কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীরা নিজেদের গাছের দায়িত্ব নিয়ে সেগুলো বড় করে তুলবে। এর মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা ও পরিবেশ রক্ষার দায়িত্ববোধ তৈরি হবে।

নাগরিক সেবার আধুনিকায়ন প্রসঙ্গে তিনি বলেন, নগরবাসীর সমস্যা ও অভিযোগ দ্রুত জানার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অ্যাপভিত্তিক সেবা চালু করা হয়েছে। এ অ্যাপের মাধ্যমে ঘরে বসেই ময়লা-আবর্জনা, সড়কবাতি ও অন্যান্য নাগরিক সমস্যা সম্পর্কে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। নাগরিক সেবা আরও সহজ ও গতিশীল করতে তিনি নগরবাসীকে অ্যাপটি ব্যবহারের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতেখড়ি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর সেকান্দর, বিএনপি নেতা হাসান রুবেল, চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) বিষ্ণু কুমার সরকার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী গোলাম মোরশেদ এবং WSUP-এর অপারেশন ম্যানেজার মোহাম্মদ খোরশেদ।

বিশেষ অতিথির বক্তব্যে বিষ্ণু কুমার সরকার বলেন, নিয়মিত হাত ধোয়ার অভ্যাস রোগজীবাণুর বিস্তার কমানোর পাশাপাশি শিক্ষার্থীদের বিদ্যালয়ে অনুপস্থিতির হার কমাতেও সহায়তা করে। এ অভ্যাস শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে ভূমিকা রাখে।

WSUP-এর অপারেশন ম্যানেজার মোহাম্মদ খোরশেদ জানান, গত চার বছরে সংস্থাটি চট্টগ্রাম নগরীর প্রায় ৭৫ হাজার বাসিন্দাকে হাত ধোয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। এ ছাড়া নগরীর ৪১টি প্রাথমিক বিদ্যালয়ে জেন্ডারভিত্তিক শৌচাগার এবং কমিউনিটি পর্যায়ে ৪৩৮টি নারীবান্ধব শৌচাগার নির্মাণ করা হয়েছে। পাশাপাশি নগরীর ২২টি ওয়ার্ডের স্বল্প আয়ের এলাকাসহ সিটি কর্পোরেশন পরিচালিত বিদ্যালয়গুলোতে ৩১০টি পানির সংযোগ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে পানি ও স্যানিটেশন খাতে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরা হয়। পরে শিক্ষার্থীদের সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করা হয়। এ ছাড়া হাত ধোয়া ও ব্যক্তিগত পরিচ্ছন্নতাবিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews