স্টাফ রিপোর্টার: মোঃ রুবেল আকন
সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ায় পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিভিন্ন শ্রমিক ফেডারেশনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। এসব ঘটনায় দায়ের করা ১৮টি মামলায় এ পর্যন্ত মোট ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৯ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সাভার ও আশুলিয়ায় পোশাকশিল্পে অস্থিরতার সময় পুলিশের সাতটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে শিল্প পুলিশের পাঁচটি এবং ঢাকা জেলা পুলিশের দুটি গাড়ি রয়েছে। একটি গাড়ি সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া প্রায় ৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ নভেম্বর সাভারের হেমায়েতপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। এতে সাভার মডেল থানার ওসিসহ ২০ থেকে ৩০ জন পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস (৫১) ও কেন্দ্রীয় সভাপতি মোছাম্মৎ সুলতানা বেগমকে (৫০) গ্রেপ্তার করা হয়। গত ১৭ নভেম্বর রাতে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, আশুলিয়ার ঘোষবাগ এলাকায় একটি পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আরও তিন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম (৪৮), বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতা মো. মনসুর আলী (৪৬) এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম (৩৭)।
পুলিশের অভিযোগ, ওই কারখানায় ৪০০ থেকে ৫০০ জনের একটি দল প্রবেশ করে ভাঙচুর চালায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। হামলায় কারখানার নিরাপত্তাকর্মী ও কর্মচারীরা আহত হন। এ সময় কারখানার প্রশাসনিক মহাব্যবস্থাপককে (জিএম) লোহার রড দিয়ে আঘাত করা হয়। পরে কারখানার ফটকে আগুন দেওয়া হয় এবং ভেতর থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
ঢাকা জেলা পুলিশের দাবি, গ্রেপ্তার নেতাদের বিরুদ্ধে সাধারণ শ্রমিকদের আন্দোলনে অংশ নিতে চাপ দেওয়া, ভয়ভীতি প্রদর্শন, আন্দোলনকে সহিংস রূপ দিতে অর্থায়ন এবং নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সঙ্গে সমন্বয়ের অভিযোগ রয়েছে। এসব বিষয় তদন্তাধীন।
পুলিশ জানিয়েছে, শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়ার কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি। সহিংসতা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং পুলিশ ও সাধারণ মানুষের ওপর হামলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেপ্তার পাঁচ নেতাকে আদালতে সোপর্দ করা হয়েছে। সংশ্লিষ্ট ঘটনাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।
Leave a Reply