মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম:
আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি রাজপথে না নেমে ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের অর্থের বিনিময়ে ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন আর রাজপথে দেখা যায় না। হারানো বিজ্ঞপ্তি দিয়ে আওয়ামী লীগকে খুঁজতে হচ্ছে। তারা রাতের অন্ধকারে টোকাইদের দিয়ে ফ্লাইওভারের ওপর থেকে বোমা নিক্ষেপ করছে। এসব অপতৎপরতা চালিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা সফল হবে না।”
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টায় চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মোড়ে নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাজীর দেউড়ি মোড়ে জড়ো হন। এ সময় তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। প্রতিবাদ সমাবেশ শেষে ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আসকার দিঘির পাড়, জামালখান মোড় ও চট্টগ্রাম প্রেসক্লাব হয়ে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে ডা. শাহাদাত হোসেন বলেন, দেশ থেকে বিতাড়িত হয়ে পলাতক আওয়ামী লীগ বিদেশে বসে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে শিশু ও শিক্ষার্থীদের হত্যার পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাসী মানুষ অগ্নিসন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।
বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৬-১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা যেভাবে রাজপথে থেকে আন্দোলন করেছেন, এখনো একইভাবে সক্রিয় রয়েছেন। আজকের কর্মসূচি প্রমাণ করেছে, অন্যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা আগের মতোই সোচ্চার।
সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে ডা. শাহাদাত বলেন, যারা বোমাবাজি, লুটপাট, থানা থেকে সরঞ্জাম লুট, পুলিশের ওপর হামলা, সাধারণ মানুষকে হত্যা ও নির্যাতন এবং যানবাহনে অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বোমাবাজি ও অগ্নিসন্ত্রাসে জড়িতদের পাশাপাশি এসব কর্মকাণ্ডের অর্থদাতা, পৃষ্ঠপোষক ও নির্দেশদাতাদেরও চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, নগরীর শান্তিশৃঙ্খলা রক্ষায় বিএনপি নেতাকর্মীরা সজাগ থাকবেন। প্রতিটি ওয়ার্ডে শান্তি মিছিল করা হবে। যারা নাশকতা করবে, তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে ডা. শাহাদাত বলেন, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতেও তারা রাজপথ ছাড়েননি। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভবিষ্যতেও তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
তিনি বলেন, “আজকের এই কর্মসূচি সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে এবং শান্তির পক্ষে। নগরীর শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় জনগণের পাশে আছি। এ শান্তির মিছিল নগরীর প্রতিটি ওয়ার্ডে অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, সরফরাজ কাদের রাসেল, মহানগর বিএনপি নেতা মো. শাহ আলম, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, আমিন মাহমুদ, হাজী নুরুল আকতার, মনজুর রহমান চৌধুরী, আলহাজ্ব জাকির হোসেন, নূর হোসাইন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply