মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম:
চট্টগ্রামবাসীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
তিনি বলেন, রাজনৈতিক, সামাজিক ও পেশাগত জীবনে মানুষের সেবাকে অগ্রাধিকার দিয়েছেন ডা. শাহাদাত হোসেন। চসিকের দায়িত্ব গ্রহণের পর তাঁর বিভিন্ন উদ্যোগেও সেই জনসেবার মানসিকতার প্রতিফলন ঘটেছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুই বছরের অগ্রযাত্রা উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর হেলাল বলেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যের সঙ্গে ‘মানবিক চট্টগ্রাম’ গড়ার বিষয়টিও যুক্ত করা প্রয়োজন। নগরবাসীর পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে মানুষ নানা সমস্যা নিয়ে ডা. শাহাদাত হোসেনের কাছে আসেন। তিনি তাঁদের কথা শোনেন এবং সাধ্য অনুযায়ী সহযোগিতা করেন। মানুষের পাশে দাঁড়ানোর এই মানসিকতার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনকল্যাণমুখী চিন্তারও মিল রয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনে কাজ করার সময় থেকেই ডা. শাহাদাত হোসেন এই চিন্তাধারা ধারণ করে আসছেন বলে উল্লেখ করেন তিনি।
চসিকের ডিজিটাল নাগরিক সেবা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তিনি নিজেও ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে নিবন্ধন করেছেন। নগরবাসীকে অ্যাপটিতে নিবন্ধন করে সেবা গ্রহণ এবং পরিচিতদের মধ্যে এর সুবিধাগুলো ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। সরকারি প্রতিষ্ঠানগুলো নাগরিকদের জন্য যেসব সেবা চালু করে, সেগুলো কীভাবে পাওয়া যায়, তা সাধারণ মানুষকে জানানোও জরুরি বলে মন্তব্য করেন তিনি।
নিজ সংসদীয় এলাকার অন্তর্ভুক্ত চসিকের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ও ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের উন্নয়নকাজ নিয়ে সম্প্রতি চসিক প্রশাসকের সঙ্গে বৈঠকের কথা তুলে ধরে মীর হেলাল বলেন, ওই দুই ওয়ার্ডে প্রায় ১০০ কোটি টাকার উন্নয়নকাজ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সিটি কর্পোরেশনের নিয়মিত দায়িত্ব হলেও এসব কাজ পরিকল্পনা ও সৃজনশীলতার সঙ্গে বাস্তবায়ন করা সম্ভব। কোন এলাকায় কী ধরনের উন্নয়ন হয়েছে এবং মানুষ কীভাবে তার সুফল পাচ্ছেন, তা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।
নগরীর ফুটপাত দখল, যানজট ও পার্কিং সংকট নিরসনে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত রাখতে হবে। একই সঙ্গে হকারদের জীবিকার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। ফুটপাত থেকে তাঁদের সরিয়ে দেওয়ার আগে বিকল্পভাবে কোথায় ব্যবসার সুযোগ দেওয়া যায়, তা সংশ্লিষ্ট সংস্থা ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা প্রয়োজন। এতে হকারদের জীবিকা রক্ষার পাশাপাশি পথচারী, ব্যবসায়ী ও নগরীতে আসা সাধারণ মানুষও উপকৃত হবেন।
পার্কিং সংকটের প্রসঙ্গে তিনি বলেন, অননুমোদিত স্থানে গাড়ি রাখলে জরিমানা করা হচ্ছে। কিন্তু যেসব এলাকায় গাড়ি রাখার নির্ধারিত জায়গা নেই, সেসব এলাকায় চালকেরা কোথায় গাড়ি রাখবেন, সেই ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।
জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রমের প্রসঙ্গ টেনে মীর হেলাল বলেন, নগরের একটি সমস্যা একাধিক সংস্থার এখতিয়ারের মধ্যে পড়তে পারে। সে ক্ষেত্রে চসিক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে বসে সমাধানের পথ বের করতে হবে। এ কাজে সংসদ সদস্য ও রাজনৈতিক কর্মীদের সহযোগিতার সুযোগ থাকলে তাঁরা পাশে থাকবেন।
নবায়নযোগ্য জ্বালানি, পাখির অভয়াশ্রম ও বিনোদন পার্ক গড়ে তোলার সম্ভাবনা নিয়েও চসিক প্রশাসকের সঙ্গে আলোচনার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, চসিকের প্রস্তাবটি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। চট্টগ্রামের জন্য কয়েকটি বড় জনকল্যাণমূলক প্রকল্প নিয়েও অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর পাশাপাশি চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মানুষ উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
ডা. শাহাদাত হোসেনের জনসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে মীর হেলাল বলেন, দীর্ঘদিনের সহকর্মী হিসেবে তিনি তাঁর জনসেবার প্রচেষ্টা কাছ থেকে দেখেছেন। চট্টগ্রামের মানুষ তাঁর এই কাজের যথাযথ মূল্যায়ন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সভাপতির বক্তব্যে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের উন্নয়নকে সবার অভিন্ন লক্ষ্য হিসেবে নিতে হবে। দায়িত্ব গ্রহণের শুরু থেকেই একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও স্মার্ট নগর গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন তাঁরা। এই লক্ষ্য বাস্তবায়নে নগরের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয় এবং নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।
গত দুই বছরের কার্যক্রম তুলে ধরে ডা. শাহাদাত হোসেন বলেন, স্থানীয় সরকার বিভাগের সিটি গভর্ন্যান্স মূল্যায়নে দেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে চট্টগ্রাম প্রথম স্থান অর্জন করেছে। নগরবাসীর পক্ষ থেকে তিনি এই স্বীকৃতি গ্রহণ করেছেন। এ ছাড়া বিমানবন্দর সড়কে পৃথক সাইকেল ট্র্যাক নির্মাণ করা হয়েছে, যা উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের ব্যবহার সম্পর্কে তিনি জানান, এতে ২০ হাজার ২৮৭ জন নাগরিক নিবন্ধন করেছেন। সড়ক, মশা, বর্জ্য, সড়কবাতি, নালা-নর্দমা, পাবলিক টয়লেট, অবৈধ স্থাপনা, জলাবদ্ধতা, শিক্ষা ও স্বাস্থ্য—এই ১০টি বিষয়ে নাগরিকেরা অ্যাপের মাধ্যমে আবেদন ও অভিযোগ জানাতে পারছেন। এ পর্যন্ত জমা পড়া ৭ হাজার ১২০টি আবেদনের মধ্যে ৪ হাজার ২২২টির সমাধান করা হয়েছে। বাকি আবেদনগুলো নিষ্পত্তির কাজ চলছে।
চসিকের আর্থিক অবস্থার বিষয়ে প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের সময় সংস্থাটির দেনা ছিল প্রায় ৫৯৬ কোটি টাকা। গত দুই বছরে তা কমে প্রায় ৩২৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। বর্তমানে চসিকের ব্যাংক হিসাবে প্রায় ২০০ কোটি টাকা জমা রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে পাওনা অর্থ আদায় করা সম্ভব হলে অবশিষ্ট দেনা পরিশোধের পরও চসিকের ব্যাংক হিসাবে অর্থ থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় পৌরকর আদায়েও চসিক অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বলে জানান প্রশাসক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন। এ সময় চসিকের দুই বছরের কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে অতিথিরা ‘উন্নয়নের অগ্রযাত্রায় চট্টগ্রাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম ও আবুল হাসেম বক্কর, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, পরিচালক (স্থানীয় সরকার) মনোয়ারা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বী, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির এবং বিএমএর সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশীদ জামিল চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।
Leave a Reply