মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম :
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় ৮৯ জন, পূর্ববর্তী মামলায় ১৭৭ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন, ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৬৪ জন, গ্রেফতারি পরোয়ানামূলে ১২৫ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জন রয়েছেন।
এ ছাড়া মাদকবিরোধী অভিযানে মাদক মামলায় ৫৬ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৩৪ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৫ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ২৬টি মাদক মামলা দায়ের করা হয়। উদ্ধার করা হয়েছে ২৪ হাজার ৩৬২ পিস ইয়াবা, ৩৪ কেজি ৮০ গ্রাম গাঁজা এবং নয় বোতল স্কাফ সিরাপ।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৮০ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ৪২, কক্সবাজারে ১৬, কুমিল্লায় ৪২, ব্রাহ্মণবাড়িয়ায় আট, চাঁদপুরে ১৩, নোয়াখালীতে ১১, লক্ষ্মীপুরে ১৫, ফেনীতে ছয়, রাঙামাটিতে নয় এবং খাগড়াছড়িতে ১৮ জন রয়েছেন।
এদিকে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৫২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ২৭২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। বাকি ২৫২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক কিশোর গ্যাং সদস্য আটকের সংখ্যা হলো—চট্টগ্রামে ৯৬, কক্সবাজারে ২৬, কুমিল্লায় ২০৭, ব্রাহ্মণবাড়িয়ায় ১৪, চাঁদপুরে ১৮, নোয়াখালীতে ২৬, ফেনীতে ছয়, লক্ষ্মীপুরে ৬৯, রাঙামাটিতে নয়, খাগড়াছড়িতে ২৭ এবং বান্দরবানে ২৬ জন।
পুলিশ জানিয়েছে, জনস্বার্থে অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply