মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম :
চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় মোহাম্মদ জাহাংগীর আলম নামে এক পুলিশ সুপারকে (এসপি) গ্রেপ্তার করা হয়েছে। তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। শনিবার (১৪ নভেম্বর) রাতে নগরের পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এসপি জাহাংগীর আলমের ব্যক্তিগত ও সরকারি—দুটি মুঠোফোনেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং তথ্য আদান-প্রদানের অভিযোগ রয়েছে। এ ছাড়া নাশকতামূলক কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় এসপি জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, রেঞ্জ রিজার্ভ ফোর্স চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম বাদী হয়ে শনিবার রাতে নগরের পাঁচলাইশ থানায় তাঁর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
এর আগে গত মঙ্গলবার এসপি জাহাংগীর আলমের ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করা হয়। পাশাপাশি তাঁকে নজরদারিতে রাখা হয়েছিল। ওই সময় বিষয়টি নিশ্চিত করেছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী। তবে কী কারণে তাঁর মুঠোফোন দুটি জব্দ করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।
Leave a Reply