নিজস্ব প্রতিবেদক \ একটি জলজ্যান্ত কিশোর নিখোঁজ হওয়ার চার বছর তিন মাস পেরিয়ে গেছে। থানা-পুলিশ, আদালত, তদন্ত সংস্থা—বিভিন্ন জায়গায় ঘুরেও সন্তানের সন্ধান পাননি মা-বাবা। বুকের ধনকে ফিরে পাওয়ার অপেক্ষায় প্রতিটি দিন কাটছে তাদের। নিখোঁজ স্কুলছাত্র মোঃ আহনাফ রহমানকে উদ্ধারের দাবিতে এবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন তার পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী। এ সময় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অপহরণ ও গুমের অভিযোগ তুলে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সোমবার ২৩ নভেম্বর আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে তাদের ক্ষোভ, হতাশা ও দীর্ঘদিনের অপেক্ষার কথা তুলে ধরেন। ব্যানারে লেখা ছিল, আহনাফ রহমানের সন্ধান চেয়ে মানববন্ধন—দীর্ঘ ৪ বছর ৩ মাস ধরে নিখোঁজ, কিশোর গ্যাং দিয়ে গুম করেছে, সন্ধান দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। মানববন্ধনে নিখোঁজ আহনাফের মা আঞ্জুমান আরা লতা কান্নাজড়িত কণ্ঠে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সন্তানের সন্ধান চেয়ে আকুতি জানান।
একজন অসহায় মা হিসেবে আমার আকুল আবেদন—আপনারা দয়া করে আমার সন্তানকে কিশোর গ্যাংয়ের হাত থেকে উদ্ধার করে আমার বুকে ফিরিয়ে দিন। আমি আর কিছু চাই না, শুধু আমার ছেলেকে জীবিত ফিরে পেতে চাই। পরিবারের দেওয়া মামলার নথি অনুযায়ী, মোঃ আহনাফ রহমানের নিখোঁজ হওয়ার ঘটনা ২০২২ সালের ১ আগস্টের। সে সময় তার বয়স ছিল ১৫ বছর। আহনাফ মিরপুরের হযরত শাহ আলী (রহ.) মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ১ আগস্ট বিকেল আনুমানিক ৪টার দিকে রাজধানীর মিরপুর-১-এর গৈদারটেক এলাকায় নিজ বাসা থেকে বের হয় আহনাফ। এরপর আর বাসায় ফিরে আসেনি সে। আহনাফের মা ও মামলার বাদী আঞ্জুমান আরা বেগম লতার অভিযোগ, পূর্বশত্রুতা এবং কিশোর গ্যাংয়ের তৎপরতার জেরে কয়েকজন ব্যক্তি পরস্পর যোগসাজশে তার ছেলেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে গুম করে রেখেছে।
এজাহারে অভিযুক্ত হিসেবে মোঃ রাহাত (১৬), নাসিমা আক্তার (৩৫), মোঃ রাসেল (৪৫) ও মোঃ মানিকের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। পরিবারের দেওয়া নথি অনুযায়ী, ২০২৩ সালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এ পিটিশন মামলা দায়ের করেন তিনি। পিটিশন মামলা নম্বর ১০৭/২০২৩। পরবর্তীতে আদালতের নির্দেশে দারুস সালাম থানায় ১৪ জুন ২০২৩ তারিখে মামলা নম্বর ১৯ হিসেবে নিয়মিত মামলা (এফআইআর) রুজু হয়।
জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে আহনাফের বাবা মোঃ আতাউর রহমান, মা আঞ্জুমান আরা লতা ছাড়াও পারভীন আরা পপি, ইব্রাহিম, ফিরোজসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং পরিবারের স্বজনরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, একটি কিশোর চার বছরের বেশি সময় ধরে নিখোঁজ থাকার পরও তার কোনো সন্ধান না পাওয়া অত্যন্ত উদ্বেগজনক। তারা আহনাফকে উদ্ধারে তদন্ত কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। চার বছর তিন মাসের অপেক্ষা—তবুও সন্তানের ফিরে আসার আশা ছাড়েননি মা আঞ্জুমান আরা লতা। তার আকুতি, কোনো রাজনৈতিক দাবি কিংবা আর্থিক প্রত্যাশা নয়, একজন মা হিসেবে তিনি শুধু তার সন্তানকে জীবিত ফিরে পেতে চান।
একটি পরিবারের কাছে আজও প্রশ্ন—কোথায় আহনাফ আর কত দিন অপেক্ষা করতে হবে তার মা-বাবাকে।
Leave a Reply