স্টাফ রিপোর্টার, ঢাকা দক্ষিণ:
সারা দেশে আওয়ামী সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিক্রিয়ায় এবার ভুক্তভোগীদের পাল্টা হামলার শিকার হচ্ছেন দলটির নেতাকর্মীরা। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এমনই একটি ঘটনা ঘটেছে গত শুক্রবার রাতে।
গভীর রাতে উপজেলার তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নূরে আলমের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে থাকা দুটি গাড়িতে আগুন দেওয়া হয়। তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
হামলাকারীরা ইউনিয়নের রাজেন্দ্রপুর হাতেখোলা এলাকার ওই বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলেও অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
পরিবারটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, হামলাকারীদের ছোড়া গুলিতে নূরে আলমের ৭০ বছর বয়সী শ্বশুর আলম মিয়া গুলিবিদ্ধ হয়েছেন। নূরে আলম ও তার দুই ছেলেকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয় বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগী নূরে আলমের স্ত্রী পারভীন বেগম অভিযোগ করেন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার নির্দেশে তার ছোট ভাই তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবির মোল্লা (পায়েল), থানা ছাত্রদলের সদস্যসহ ২০ থেকে ৩০ জনের একটি দল তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে থাকা দুটি গাড়িতেও আগুন দেওয়া হয়।
হাজী নূরে আলম বলেন, তাকে ও তার দুই ছেলেকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়া হয়। তার শ্বশুরকে লক্ষ্য করেও গুলি করা হলে তিনি আহত হন। বর্তমানে তিনি সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।
অভিযোগের বিষয়ে তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবির মোল্লার (পায়েল) সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি ফখরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধী যে-ই হোক, তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply