মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম :
চোরাচালানবিরোধী অভিযানে চট্টগ্রামের পতেঙ্গা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ একজন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৫ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত বোটসহ একজনকে আটক করা হয়।
জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
Leave a Reply