স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দাপ্তরিক নথিপত্রে রোহিঙ্গা সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। দীর্ঘদিন এ বিপুল জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য এক বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের রেপোর্টিয়ার কেলি ই. কারি গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাক্ষাৎকালে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা ও রোহিঙ্গা ক্যাম্পগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব আন্তর্জাতিক প্রচেষ্টার মূল লক্ষ্য হওয়া উচিত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করা। পাশাপাশি আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলার রায় ঘোষণা পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান তিনি।
জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের দীর্ঘদিন ধরে মানবিক আশ্রয় ও সেবা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত ঐতিহাসিক মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে জানান, জাতিসংঘ ও আন্তর্জাতিক সহযোগীরা প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি রোহিঙ্গাদের তাদের নিজ দেশে নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বৈঠকে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় মাদক, অস্ত্র পাচার ও সাইবার অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থাসমূহের সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় ট্রেনিং ও আধুনিক প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। এ ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মিয়ানমার সরকারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির তাগিদ দেওয়া হয়। এ ছাড়া গতকাল সচিবালয়ে পৃথক বৈঠকে যুক্তরাজ্যের পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন রোহিঙ্গা প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের নিজ ভূমিতে নাগরিক অধিকার ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই দীর্ঘস্থায়ী এ সংকটের অবসান ঘটাতে হবে। ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ইমরান হুসাইন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সম্মানজনক প্রত্যাবাসন এবং এ বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সদস্যরাও রোহিঙ্গা সংকটে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা বাড়াতে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
Leave a Reply