মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযান সূত্রে জানা যায়, বহদ্দারহাট এলাকায় ফুটপাত অবৈধভাবে দখল করে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা নির্মাণের ফলে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অভিযান চালিয়ে প্রায় দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে ফুটপাত দখলমুক্ত করা সম্ভব হয়।
চসিকের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং চান্দগাঁও থানা পুলিশের সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।
Leave a Reply