বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার ৭ নম্বর উরফি ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। এ নির্বাচনে উরফি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও ডিজিটাল ইউনিয়ন গড়ার লক্ষ্যে চেয়ারম্যান পদে সর্বস্তরের জনগণের পছন্দের শীর্ষে উঠে এসেছেন উরফি পশ্চিমপাড়ার কৃতি সন্তান, তরুণ প্রবাস ফেরত ও বিশিষ্ট সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি।
দীর্ঘদিন আমেরিকা প্রবাসী হলেও মো: রফিকুজ্জামান মুন্সির মন সবসময় পড়ে থেকেছে নিজ জন্মভূমিতে। দূর দেশে অবস্থান করেও তিনি সবসময় এলাকার যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন। উরফি ইউনিয়নের দরিদ্র, অসহায় ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। করোনাকালীন সংকটসহ নানা দূর্যোগে নীরবে-নিভৃতে সাধারণ মানুষের মাঝে ত্রাণ ও অর্থনৈতিক সহায়তা পৌঁছে দিয়ে জয় করে নিয়েছেন সর্বস্তরের মানুষের হৃদয়।
এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, উরফি ইউনিয়নের কাঙ্ক্ষিত অবকাঠামোগত উন্নয়ন, যুবসমাজকে মাদক মুক্ত করা এবং একটি সুশাসিত ও মডেল ইউনিয়ন পরিষদ উপহার দিতে মো: রফিকুজ্জামান মুন্সির কোনো বিকল্প নেই। স্থানীয় তরুণ ও প্রবীণ ভোটারদের এক বাক্যে দাবি, আসন্ন ইউপি নির্বাচনে তারা এমন একজন শিক্ষিত, যোগ্য ও দরদী মানুষকে চেয়ারম্যান হিসেবে পেতে চান যিনি ক্ষমতার লোভ ছেড়ে জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করবেন।
নির্বাচনে প্রার্থিতা ও সার্বিক পরিকল্পনা নিয়ে মো: রফিকুজ্জামান মুন্সি বলেন, “আমি প্রবাসে থাকলেও হৃদয়ে সবসময় ধারণ করেছি আমার জন্মভূমি উরফির মানুষকে। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকাটাই আমার মূল লক্ষ্য। উরফি ইউনিয়নের সকল অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে এবং অবহেলিত এই ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল হিসেবে গড়ে তুলতেই এলাকার সর্বস্তরের মানুষের প্রত্যাশায় আমি নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। জনগণ পাশে থাকলে আমরা একসাথে উরফিকে বদলে দেবো।”
আসন্ন এই নির্বাচনে ভোটারদের মাঝেও মো: রফিকুজ্জামান মুন্সিকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। সাধারণ জনগণ বিশ্বাস করেন, তিনি নির্বাচিত হলে উরফি ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা ও সামাজিক ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে।।
Leave a Reply