ফরাসি সুপার কাপের শিরোপা জয়ের মধ্য দিয়ে বছর শুরু করে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। এপ্রিলে ফ্রান্স লিগ ওয়ানের শিরোপাও (১৩তম) ধরে রাখা নিশ্চিত করে তারা। এবার ফরাসি কাপের শিরোপা ধরে রেখে ঘরোয়া ফুটবলের তিনটি ট্রফিই জিতে নিল লুইস এনরিকের দল। শনিবার ফাইনালে রেইমসকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো মহাদেশীয় ট্রেবল জয়ের পথে এগিয়ে গেছে ১৬তম ফরাসি কাপ জয়ীরা। ম্যাচে ব্র্যাডলি বারকোলা জোড়া ও আশরাফ হাকিমি একটি গোল করেন। প্যারিসের এ ক্লাবটির ক্যাবিনেটে শুধু নেই চ্যাম্পিয়নস লিগের ট্রফি। ফরাসি কাপ জিতে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের প্রস্তুতি সেরে নিলেন বলে জানান এনরিকে, ‘আগামী শনিবার আমরা ইতিহাস গড়তে চাই। আমরা শিরোপা জিততে প্রস্তুত।’ মিউনিখে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইতালির ইন্টার মিলানের মুখোমুখি হয়ে প্রথমবারের মতো ইউরোপসেরা হওয়ার স্বপ্ন দেখছে পিএসজি। শেষবার ২০২০ সালে বায়ার্ন মিউনিখের কাছে নিজেদের একমাত্র ফাইনালে হেরেছিল প্যারিসের দলটি। এখন পর্যন্ত মাত্র ১০টি ক্লাব ট্রেবল জিতেছে। মৌসুমে ট্রেবল জয়ের পথে মাত্র এক ম্যাচ দূরে পিএসজি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টারকে হারালেই ১১তম ক্লাব হওয়ার সুযোগ রয়েছে দেম্বেলে-হাকিমিদের। এনরিকে ২০১৫ সালে বার্সার হয়ে ট্রেবল জিতেছেন। এখন দ্বিতীয়বারের মতো জিততে চাইছেন।
Leave a Reply