মোহাম্মদ আসিফ , চট্টগ্রাম: গরু কেনাবেচাকে কেন্দ্র করে নগদ টাকা ও ফেরতযোগ্য ব্যাংক চেক ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের এন কে ডেইরি ফার্মের মালিক কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে। একই ঘটনায় উল্টো মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী খামারি মো. মহিউদ্দিন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে নগরীর চেরাগী পাহাড়স্থ সিআরএ হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন মহিউদ্দিন।
লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি এন কে ডেইরি ফার্মের মালিক কাজী নজরুল ইসলামের কাছ থেকে ১৩ লাখ টাকায় ছয়টি গরু কেনেন তিনি। এর মধ্যে ৯ লাখ ৪০ হাজার টাকা নগদ পরিশোধ করেন এবং বাকি টাকা পরিশোধের জন্য ২ লাখ ৫০ হাজার টাকার একটি ব্যাংক চেক দেন।
পরবর্তীতে কেনা ছয়টি গরুর মধ্যে দুটি গরুতে সমস্যা দেখা দেওয়ায় সেগুলো কাজী নজরুল ইসলামের কাছে ফেরত দেন বলে দাবি করেন মহিউদ্দিন। তার ভাষ্য অনুযায়ী, গরু ফেরত দেওয়ার পর হিসাব অনুযায়ী অভিযুক্তের কাছে তার আরও ১ লাখ ৪০ হাজার টাকা পাওনা থাকে। একই সঙ্গে আগে দেওয়া ২ লাখ ৫০ হাজার টাকার ব্যাংক চেকটিও ফেরত চান তিনি।
কিন্তু পাওনা টাকা ও ব্যাংক চেক ফেরত না দিয়ে কাজী নজরুল ইসলাম নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন বলে অভিযোগ করেন মহিউদ্দিন। এ বিষয়ে তিনি পাহাড়তলী থানায় কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বলেও জানান।
মহিউদ্দিনের আরও অভিযোগ, পাওনা টাকা ও ব্যাংক চেক ফেরত না দিয়ে উল্টো তার বিরুদ্ধে মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে। এ অবস্থায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে গরু কেনাবেচার সময় উপস্থিত থাকার দাবি করে বক্তব্য দেন গরু ব্যবসায়ী মো. রবিউল হোসেন রুবেল, সিএনজি অটোরিকশাচালক মিজান, ভুক্তভোগীর ভাই সাইফুদ্দিনসহ কয়েকজন। তারা জানান, ছয়টি গরু কেনার সময় তারা উপস্থিত ছিলেন। তাদের সামনেই নগদ টাকা ও ব্যাংক চেকের মাধ্যমে লেনদেন হয়। পরবর্তীতে দুটি গরু ফেরত দেওয়া হয় বলেও দাবি করেন তারা।
সাক্ষীদের ভাষ্য, গরু ফেরত দেওয়ার পর পাওনা টাকা ও ব্যাংক চেক ফেরত দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। বরং মহিউদ্দিনকে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে শাহজাহান হোসেন হৃদয়, রাহুল, মো. রুবেল, আবু ইউসুফ, আসিফসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
তবে এসব অভিযোগের বিষয়ে এন কে ডেইরি ফার্মের মালিক কাজী নজরুল ইসলামের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
Leave a Reply