স্টাফ রিপোর্টার: মোঃ রুবেল আকন
ঢাকার আশুলিয়ায় পৃথক দুটি স্থানে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ী এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ী এলাকায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটকসংলগ্ন স্থানে একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
অন্যদিকে, একই সময় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে পার্ক করে রাখা আলিফ পরিবহনের অপর একটি বাসে অগ্নিসংযোগ করা হয়।
পৃথক দুটি স্থানে বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে যায়।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম দৈনিক দেশের কণ্ঠকে বলেন, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে। পাশাপাশি এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তারিখ: ২৮ নভেম্বর ২০২৬
স্থান: আশুলিয়া, ঢাকা।
Leave a Reply