নিজস্ব প্রতিবেদক
আইনি সহায়তা দেওয়ার আশ্বাসে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরিচয়, পরবর্তী সময়ে সেই পরিচয় ও বিশ্বাসের সুযোগ নিয়ে গুরুতর অপরাধের অভিযোগ উঠেছে দুই আইনজীবীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এ ঘটনায় স্থানীয় জনতা একজন অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। অপর অভিযুক্ত এখনো পলাতক রয়েছেন। শুধু তাই নয়, পলাতক ওই অভিযুক্ত মুঠোফোনে যোগাযোগ করে মামলার বাদীকে হত্যার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। এতে দুই সন্তানের জননী ওই নারী চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
ঘটনাটি ঘটেছে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন আইনজীবী রুহুল আমিন (৪৩), পিতা মৃত আব্দুর রশিদ হাওলাদার, সাং-রসুলপুর এবং আইনজীবী আবু সায়েম (২৮), পিতা আব্দুর রব হাওলাদার, সাং-বটকাজল, বাউফল, পটুয়াখালী।
প্রাপ্ত তথ্য ও অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী (৩২) দুই কন্যাসন্তানের জননী। তাঁর স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসজীবন অতিবাহিত করছেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সঙ্গে বিরোধের জেরে আদালতে একটি মামলা চলমান ছিল। এ মামলার আইনি কার্যক্রম পরিচালনার সূত্র ধরেই প্রায় আট-নয় মাস আগে দুই আইনজীবীর সঙ্গে তাঁর পরিচয় হয়।
অভিযোগ রয়েছে, আইনি সহায়তার আশ্বাস দিয়ে অভিযুক্তরা ধীরে ধীরে তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। একপর্যায়ে আইনজীবী আবু সায়েম নিয়মিত তাঁর বাসায় যাতায়াত শুরু করেন। ভুক্তভোগীর অভিযোগ, মামলাটি দ্রুত নিষ্পত্তি করে দেওয়ার প্রলোভন, বিভিন্ন আশ্বাস এবং তাঁর স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্তরা একাধিকবার তাঁর সঙ্গে জোরপূর্বক শারীরিক নির্যাতন করেন।
অভিযোগে আরও বলা হয়, গত ১০ নভেম্বর সন্ধ্যায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের পর মামলার কাজের কথা বলে ভুক্তভোগীর বাসায় আসেন আইনজীবী রুহুল আমিন। সেখানে ভুক্তভোগীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
এ সময় ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তিনি বাসা থেকে বের হয়ে রাস্তার পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। স্থানীয় জনতা তাঁকে ঘিরে ফেলে আটক করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক রুহুল আমিনকে হেফাজতে নেয়।
অন্যদিকে, ঘটনার খবর পেয়ে অপর অভিযুক্ত আইনজীবী আবু সায়েম ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
পলাতক আসামির বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় বাদী
ঘটনার এখানেই শেষ নয়। ভুক্তভোগী নারীর অভিযোগ, মামলার অন্যতম অভিযুক্ত পলাতক আইনজীবী আবু সায়েম মুঠোফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করে তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হত্যার হুমকি দিচ্ছেন। মামলা দায়েরের পরও এ ধরনের হুমকি অব্যাহত থাকায় তিনি এবং তাঁর দুই সন্তান চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।
ভুক্তভোগীর আশঙ্কা, পলাতক অভিযুক্তের হুমকির কারণে তাঁর ও পরিবারের সদস্যদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এমন পরিস্থিতিতে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ অবস্থায় প্রশ্ন উঠেছে, একজন নারী ন্যায়বিচারের আশায় মামলা করার পরও যদি অভিযুক্তের হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে তাঁর সুরক্ষা নিশ্চিত করবে কে? পলাতক অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা এবং মামলার বাদী ও তাঁর সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, ভুক্তভোগী নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক অপর অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আইন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এবং মামলা দায়েরের পর বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ স্থানীয় এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। সচেতন মহলের দাবি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি পলাতক অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে বাদী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ন্যায়বিচার চাওয়াই যেন কোনো নারীর জন্য নতুন করে আতঙ্কের কারণ না হয়ে দাঁড়ায়। অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীর নিরাপত্তা এবং অপরাধ প্রমাণিত হলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি।
Leave a Reply