গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
গোপালগঞ্জের সদর পৌরসভার ১০ নং ওয়ার্ডের ৫১৬ নং হোল্ডিংয়ের নামজারী ও মালিকানা পরিবর্তনের আবেদন করে চরম হয়রানির শিকার হচ্ছেন জাপান প্রবাসী শফিকুজ্জামান। প্রয়োজনীয় সব বৈধ কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে ঘুরতে হচ্ছে তাঁকে।
অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী চক্র ও পৌর কার্যালয়ের একশ্রেণির কর্মকর্তাদের টালবাহানার কারণে থমকে আছে এই সেবা।
অনুসন্ধানে জানা যায়, গত ২০২৫ সালের ২৫ ডিসেম্বর খ্রিস্টাব্দে গোপালগঞ্জ পৌরসভার ব্যাংকপাড়া এলাকার উক্ত সম্পত্তি সাফ কবলা দলিল (দলিল নং – ১২৬১/২৫) মূলে ক্রয় করেন প্রবাসী শফিকুজ্জামান।
পরবর্তীতে চলতি বছরের ২৫ জানুয়ারি গোপালগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে তাঁর নামে ভূমির নামজারি/নামপত্তন (নামজারি নং – ১১৫৫৪ (IX-I)/২০২৫-২৬) সম্পন্ন হয় এবং ২০২৬ সালের খাজনাও পরিশোধ করা হয়।
সব আইনি প্রক্রিয়া শেষে গত চলতি বছরের ১৬ ফেব্রুয়ারী খ্রিস্টাব্দে প্রয়োজনীয় সকল নথিপত্রসহ গোপালগঞ্জ পৌরসভা প্রশাসকের নিকট ১০ নং ওয়ার্ডের ৫১৬ নং হোল্ডিংটির নাম পরিবর্তনের জন্য লিখিত আবেদন করেন তিনি। (যাহা বর্তমানে অপর এক ব্যক্তির নামে নথিভুক্ত)। তবে আবেদন জমা দেওয়ার এতদিন পার হয়ে গেলেও পৌরসভা থেকে কোনো সুরাহা মেলেনি।
ভুক্তভোগী প্রবাসীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গোপালগঞ্জ সদর পৌরসভায় দিনের পর দিন যোগাযোগ করা হলেও কোনো সদুত্তর দেওয়া হচ্ছে না।
বৈধভাবে জমি কিনে সরকারি রাজস্ব পরিশোধ করার পরও পৌরসভার এই ধরনের বিলম্ব এবং দালাল চক্রের হুমকিতে মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগী প্রবাসী শফিকুজ্জামান ও তাঁর পরিবার। এ বিষয়ে গোপালগঞ্জ সদর পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও প্রবাসীর হয়রানি বন্ধে দ্রুত হোল্ডিং নাম পরিবর্তনের কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
Leave a Reply