মোঃ আরাফাত হোসেন : দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, যদি চাঁদাবাজি এং সন্ত্রাসী কর্মকাণ্ডে আমাদের দলের কেউ জড়িত থাকেন এবং সেটা যদি প্রমাণিত হয়, আপনি যেই হোন না কেন- আপনি আর বিএনপির রাজনীতি করতে পারবেন না।রবিবার (২০ অক্টোবর), যশোরে দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভায় তিনি এ সব কথা বলেন। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিক-নির্দেশনামূলক এই যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, ঘুরে ফিরে যেন চাঁদাবাজরা পুনর্বাসিত হতে না পারে সেদিকে জনগনকে সতর্ক করার কাজ করতে হবে। ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের দোসরকে ক্ষমতায় কোনোভাবেই আসতে দেওয়া যাবে না। অন্যথায় আপনি আপনার রাজনীতি করার যোগ্যতা হারাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা ‘জিরো টলারেন্স’ দেখাব এখানে।আব্দুল মোনায়েম মুন্না বলেন, গত ১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ও মানুষের অধিকারের জন্য নিরলসভাবে আমরা নেতাকর্মীরা আন্দোলন করে আসছি। তারই সফলতা হিসেবে গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলনে বহু ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীর রক্তের বিনিময়ে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে।স্বৈরাচারী হাসিনা সরকারের দোসররা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে আছে উল্লেখ করে দ্রুত তাদের অপসারণ ও বিচারের মুখোমুখি করতে হবে বলে জানান তিনি।বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেগুলো অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান যুবদলের সভাপতি মুন্না।তিনি বলেন, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব নিয়ে নেতাকর্মীদের কাজ করতে হবে।এসময় ছাত্রদলের সাধারন সম্পাদক নাসিরুদ্দীন নাসির, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সহ যশোর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply