বিশেষ প্রতিনিধি: ফাহমিদা হৃদী
ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক মজুরির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার পোশাকশিল্পাঞ্চল। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। সংঘর্ষের মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন একাধিক গণমাধ্যমকর্মী। আহত হয়েছেন নিউজ টোয়েন্টিফোরের সাভার প্রতিনিধি ও সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদাসহ কয়েকজন সাংবাদিক।
সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় সকাল থেকেই শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পাশাপাশি পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন ৭১ টেলিভিশনের সাভার প্রতিনিধি রায়হান বিন আমিন, উজ্জ্বল হোসেন এবং স্টার নিউজের সাভার প্রতিনিধি সোহান সিরাজি। আহত অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
এদিকে বেলা ১২টার দিকে হেমায়েতপুরে শ্রমিক অসন্তোষের সরাসরি সম্প্রচার (লাইভ) করার সময় হামলার শিকার হন নিউজ টোয়েন্টিফোরের সাভার প্রতিনিধি ও সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা এবং তাঁর ক্যামেরাপারসন ইমদাদুল হক।
প্রকাশিত তথ্য অনুযায়ী, লাইভ চলাকালে মুখোশধারী একদল ব্যক্তি তাঁদের ওপর হামলা চালায়। এ সময় ক্যামেরা ভাঙচুর করা হয়। রড, এসএস পাইপ ও লাঠির আঘাতে নাজমুল হুদা বুক, পিঠ, হাত ও পায়ে আঘাত পান। পরে তাঁকে চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে নেওয়া হয়।
একই দিন হেমায়েতপুরে সংবাদ সংগ্রহের সময় আরও এক গণমাধ্যমকর্মী হামলার শিকার হন। তাঁর ক্যামেরা ছিনিয়ে নেওয়া হলেও পরে ক্যামেরাটি ফেরত পাওয়া যায়। তবে মেমোরি কার্ডটি এখনো পাওয়া যায়নি।
এর আগে সকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ড ও উলাইলের আল-মুসলিম কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বিজিবি ও অতিরিক্ত পুলিশ সদস্যদের সহায়তায় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়।
অন্যদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশুলিয়ার নরসিংহপুর ও নিশ্চিন্তপুর শিল্পাঞ্চলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকরা রাস্তায় নামার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। যান চলাচলেও কোনো প্রতিবন্ধকতা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা জেলা পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি যৌথভাবে কাজ করছে।
শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের কারণে সাভার-আশুলিয়ার শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
একই দিনে একাধিক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সংবাদকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর ও সংবাদ ধারণে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে।
সাংবাদিকরা কোনো পক্ষের প্রতিপক্ষ নন। তাঁরা মাঠে থেকে ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরেন। তাই আন্দোলন কিংবা সংঘর্ষ—যেকোনো পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
Leave a Reply