পাবনা জেলা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম হোসেনের ওপর হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহত ইব্রাহিম পৌর শহরের পূর্বটেংরি এলাকার আব্দুস সালামের ছেলে ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে ইব্রাহিম এবং তার বন্ধু কলেজের সামনে চা খাচ্ছিলেন। এ সময় ৩-৪ জনের একটি দল লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলার বিষয়ে ইব্রাহিম ফেসবুকে লাইভে এসে বলেন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল হোসেনসহ আরও কয়েকজন আমার ওপর হামলা করে। শাকিল তাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বের করে গুলি করার চেষ্টা করলেও স্থানীয়রা এগিয়ে আসায় পালিয়ে যায়। তিনি এর বিচার দাবি করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.
কাবেরী জানান, তাকে রাতেই
আমাদের এখানে আনা হয়। তবে তার শরীরে তেমন গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন। এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম জানান, নিরাপত্তা জোরদারে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply