এবার লক্ষ্মীপুর ও নোয়াখালীর সীমান্ত এলাকায় একটি কবরস্থানে মিলল ৬টি আগ্নেয়াস্ত্র। রবিবার বিকেলে লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এর আয়োজন করে এ তথ্য জানানো হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের জগদীশপুর গ্রাম থেকে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ। এরমধ্যে দেশীয় ৫টি নতুন একনলা বন্দুক ও ১টি পাইপগান রয়েছে।প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এরআগে সন্ধান পাওয়া আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানা মালিক নুর উদ্দিনের তৈরী অস্ত্রের সঙ্গে মিল রয়েছে। অস্ত্রগুলো কোথায় সরবরাহ করা হচ্ছে এবং কারা এর সঙ্গে জড়িত এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে জাতীয় জরুরি সেবার গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার গণমাধ্যমকে জানান, কবরস্থান পরিষ্কার করতে গিয়ে একটি কবরে বেশ কিছু আগ্নেয়াস্ত্র দেখতে পেয়েছেন বলে কলে জানানো হয়।তাৎক্ষণিকভাবে অস্ত্র উদ্ধারে ব্যবস্থা নিতে পুলিশকে জন্য জানানো হয়।
প্রসঙ্গত, ১ ডিসেম্বর লক্ষ্মীপুরের পশ্চিম চন্দ্রগঞ্জ বাজারে নুর উদ্দিনের ওয়ার্কসপে অস্ত্র তৈরির সন্ধান মিলে। পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে সেখান থেকে একটি পিস্তল ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে। ঘটনার পর থেকে নুর উদ্দিন আত্মগোপনে রয়েছে।
Leave a Reply