স্টাফ রিপোর্টার:মাদারীপুরের শিবচর উপজেলার কাদেরপুর মাদবরকান্দি এলাকায় তল্লাশির নামে লুটপাটের অভিযোগ উঠেছে শরীয়তপুরের জাজিরা থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত এসআই কায়কোবাদ ও তার সঙ্গে থাকা ফোর্সের বিরুদ্ধে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের গুরুতর অভিযোগ করেছেন ভুক্তভোগী মজিবর।অভিযোগ সূত্রে জানা যায়, ২৯ মার্চ সোমবার সকাল প্রায় ১১টার দিকে এসআই কায়কোবাদ একটি দল নিয়ে শিবচরের ওই এলাকায় যান। সেখানে ভুক্তভোগী মজিবরের বাড়িতে গিয়ে তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে দাবি করে তল্লাশি শুরু করেন। এ সময় ভয়ভীতি প্রদর্শন করে নগদ ৮৬ হাজার টাকা এবং প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণসহ আনুমানিক ২০ লাখ টাকার সম্পদ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।ভুক্তভোগী মজিবর জানান, হঠাৎ করে পুলিশের একটি দল তার বাড়িতে প্রবেশ করে তাকে বিভিন্নভাবে ভয় দেখায় এবং তল্লাশির কথা বলে ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার পর থেকেই তিনি ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা জানান, এক থানার পুলিশ অন্য এলাকায় গিয়ে এ ধরনের কর্মকাণ্ড চালানো অত্যন্ত উদ্বেগজনক এবং এতে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও কমে যাচ্ছে।বর্তমান সময়ে পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারে ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন নানা উদ্যোগ নিচ্ছেন, ঠিক তখন এ ধরনের অভিযোগ সাধারণ মানুষের মাঝে হতাশা সৃষ্টি করছে বলে মনে করছেন এলাকাবাসী।এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এলাকাবাসী দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে লুট করা সম্পদ উদ্ধার করে ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply