রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিডি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘আমরা চাই এ (অন্তর্বর্তী) সরকার রাষ্ট্র সংস্কার করে মানবিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেবে। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার আগে সরকারকে একটি জবাবদিহিতামূলক জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। ’ গতকাল বিকালে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ কার্যালয়ে ছাত্র, যুব ও গণ অধিকার পরিষদ আয়োজিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন নুর।অনুষ্ঠানে নুর বলেন, এ সরকার কেয়ারটেকার সরকার না। অন্য সময়ের মতো শুধু নির্বাচন পরিচালনা করার লক্ষ্যে তিন মাসের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো সরকার না। শত সহস্র মানুষের রক্তক্ষয়ী সংঘর্ষের ফল আজকের এ অন্তর্বর্তী সরকার।
গণ অধিকার পরিষদের জেলা শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ফারুক হোসেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি হবিবুর রহমান রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম ফাহিম প্রমুখ।

Leave a Reply